সৌদিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ২৩:০০ | অনলাইন সংস্করণ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতিতে যুদ্ধ সংক্রান্ত কোনো ধরনের ছবি বা ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ব্যাপারে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে দেশটির রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বুধবার (১ এপ্রিল) সৌদির প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানকার বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়ে, সম্প্রতি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্কতাবাণী প্রচার করা হয়েছে। মিসাইল বা ড্রোন প্রতিরোধ অথবা মিসাইল বা ড্রোন প্রতিরোধ করার পর মাটিতে পতিত হওয়া পরবর্তী যে কোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ করা, আদান প্রদান করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা আইনত দণ্ডনীয় এবং এর জন্য শাস্তির সম্মুখীন হতে হবে।
এ প্রেক্ষাপটে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ সংক্রান্ত যেকোনো ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক, ইউটিউব, এক্স) প্রচার, মোবাইলে সংরক্ষণ এবং পারস্পরিক আদান-প্রদান করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হলো।
আবা/এসআর/২৬
