কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ২৩:৩৪ | অনলাইন সংস্করণ

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় এক ভারতীয় নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
বুধবার (৩ জুন) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক সংকটের প্রেক্ষাপটে সম্প্রতি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এ হামলায় চার বাংলাদেশি আহত হন। আহত বাংলাদেশিদের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ দূতাবাস নিয়মিত খোঁজ-খবর রাখছে।
কুয়েত সরকারের নির্দেশনার বিষয় তুলে ধরে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের বিশেষ পরিস্থিতিতে ঘটনাস্থলের বিশেষ করে রকেট বা ড্রোন হামলার এবং সেগুলো প্রতিহত করার ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা কুয়েতের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এমতাবস্থায়, কুয়েতের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কুয়েত সরকারের দিকনির্দেশনা মেনে চলা এবং এ সংক্রান্ত ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করার এবং অন্যদেরও এ বিষয়ে উৎসাহিত করার আহ্বান জানিয়েছে দূতাবাস।
আবা/এসআর/২৬
