এবিজেএর নির্বাহী সভা: দক্ষতা উন্নয়ন সেমিনার
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ২২:২৩ | অনলাইন সংস্করণ
মাসুম বিল্লাহ, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে একাধিক উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন ইনক. (এবিজেএ)। রোববার (৫ জুলাই) সিডনির লাকেম্বাস্থ ধানসিঁড়ি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের নির্বাহী কমিটির সভায় এসব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল মতিন। কার্যবিবরণী উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।
সভায় আসন্ন বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের প্রস্তুতি, সদস্যপদ নবায়ন, নতুন সদস্য সংগ্রহ এবং কার্যনির্বাহী পরিষদের পরিধি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনকে আরও সক্রিয় ও প্রতিনিধিত্বশীল করে তুলতে এসব উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় ‘অস্ট্রেলিয়ায় বাংলাদেশিরা: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক একটি সেমিনার আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রস্তাবিত এ সেমিনারে গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক, কমিউনিটি নেতা ও তরুণ প্রজন্মের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার বিষয়ে মতামত দেন সদস্যরা।
এছাড়া চার তারকা মানের একটি হোটেলে গালা ডিনার ও নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজনের প্রস্তাবও সভায় গুরুত্ব পায়। এর মাধ্যমে সাংবাদিক সমাজ এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।
সভায় আগামী মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক প্রকাশের পরিকল্পনাও গ্রহণ করা হয়। স্মারকে মুক্তিযুদ্ধের ইতিহাস, প্রবাসে বাংলাদেশিদের অবদান এবং সাংবাদিকতার বিভিন্ন বিষয় তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গ্লেনকোয়ারি মসজিদের জন্য ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের একটি প্রস্তাবও আলোচনায় আসে। বিষয়টি সংগঠনের নীতিমালা ও আর্থিক সক্ষমতার আলোকে পরবর্তী সিদ্ধান্তের জন্য বিবেচনায় রাখার সিদ্ধান্ত হয়।
আলোচনায় অংশ নেন ড. রতন কুণ্ডু, আকিদুল ইসলাম, এএইচএম মাসুম বিল্লাহ, মোহাম্মদ জিয়াউল কবির জিহন, আতাউর রহমান, হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন, এস এম দিদার হোসেন, মোহাম্মদ রেজাউল করিম, সুহৃদ সোহান হক, তাজবীর হাসান অর্কসহ নির্বাহী কমিটির সদস্যরা।
সভাপতির সমাপনী বক্তব্যে মোহাম্মদ আবদুল মতিন বলেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী, দায়িত্বশীল ও পেশাদার সংগঠন হিসেবে এবিজেএকে আরও কার্যকর করতে নির্বাহী কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
পরে সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
