ওমরাহ পালনে গিয়ে একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ২৩:০৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় বেঁচে গেছেন বাবা ও তাদের বড় ছেলে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে নিজস্ব প্রাইভেট কারে করে সপরিবারে রিয়াদ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হন শফিকুল ইসলাম। রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার যাওয়ার পর রিয়াদ-মক্কা মহাসড়কে পেছন থেকে একটি দ্রুতগামী বড় যানবাহন তাদের প্রাইভেট কারটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা তানিয়া, ছোট ছেলে তাসবিক ও মেয়ে জারা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নিহত তানিয়া তাহমিনা রিনার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ গণমাধ্যমকে বলেন, আমার বোন, দুলাভাই এবং তাদের তিন সন্তান ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কা যাচ্ছিলেন। পথে তাদের প্রাইভেটকার পেছন থেকে একটি বড় যানবাহন সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমার বোন, ছোট ভাগনে ও ভাগনি মারা যায়।

 

আবা/এসআর/২৬