
শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন দেবনাথকে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার পর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার ল্যাবএইড হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার (এনডিসি) মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা পাঠানোর ব্যবস্থা করা হয়।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম বলেন, বৃহস্পতিবার রাত নয়টায় ময়মনসিংহ রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এয়ার অ্যাম্বল্যান্সটি ল্যান্ড করে। পরে অ্যাম্বল্যান্সটি তাঁকে নিয়ে ঢাকায় যায়।
সিভিল সার্জন জানান, গত মঙ্গলবার তিনি সস্ত্রীক করোনা ‘পজিটিভ’ শনাক্ত হন। এরপর থেকে তিনি নিজ বাসায় হোম আইসোলেশনে ছিলেন। আজ বিকেলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা পাঠানোর ব্যবস্থা করা হয়। অপরদিকে বৃহস্পতিবার তাঁদের ছেলে চিত্তজিত দেবনাথের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। তিনিও করোনা ‘পজিটিভ’ হয়েছেন।
চিত্তরঞ্জন দেবনাথের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক জাকিউল ইসলাম জানান, তিনি করোনা আক্রান্ত হওয়ার পর শ্বাসকষ্ট হলে তাঁকে করোনা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। পরে শ্বাসকষ্ট আরও বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে কল করা হয়। পাশাপাশি তিনি ডায়বেটিস রোগে আক্রান্ত, তাই তাঁকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।