পল্লবী থানা যুবদলের সদস্য সচিবকে গুলি করে হত্যা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ২০:২২ | অনলাইন সংস্করণ

অস্ত্রধারীদের গুলিতে নিহত হয়েছেন পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তবে কে বা কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিক তিনি তা জানাতে পারেননি।

আমিনুল হক জানান, গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কিবরিয়া খুনের ঘটনায় পল্লবী-মিরপুরসহ আশপাশের এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

এদিকে খুনিদের চিহ্নিত করে তাদের দ্রুত গ্রেফতারে থানা পুলিশের পাশাপাশি র‌্যাব ও ডিবি মাঠে নেমেছে। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার কোনো ফুটেজ পাওয়া যায় কি না গোয়েন্দারা তা খতিয়ে দেখছেন।