ভূমিকম্প: বংশালে ভবনের রেলিং ভেঙে পড়ে ৩ পথচারীর মৃত্যু

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১২:২৫ | অনলাইন সংস্করণ

রাজধানীতে ভয়াবহ ভূমিকম্পের সময় ঢাকার বংশালে একটি ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়েছে।

বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ভূমিকম্প চলাকালে কেপি ঘোষ স্ট্রিটের একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পথচারীর মৃত্যু হয়। আহত অবস্থায় আরেকজনকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

শুক্রবার ছুটির দিনের সকালে শক্তিশালী ঝাঁকুনিতে কেঁপে ওঠে ঘরবাড়ি। ঢাকাসহ সারাদেশেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর জানান, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্প অনুভূত হওয়ার পর আতঙ্কে লোকজন বাসা থেকে বের হয়ে আসে। ঝাঁকুনিতে অনেকের ঘরের শেলফ ও টেবিল থেকে জিনিসপত্র পড়ে যায়।

কম্পন থামার পর ঢাকার বাড্ডা, ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ভবনে ফাটল ধরার এবং ভবনের পলেস্তরা খসে পড়ার খবর পাওয়া গেছে।