ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, শীর্ষে ভিয়েতনামের হ্যানয়
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ | অনলাইন সংস্করণ

শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ায় বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় ছুটির দিনের সকালেও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকেই রয়েছে ঢাকা।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আজ (শুক্রবার) রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১৯৮। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে মেগাসিটিটি।
একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়, যার স্কোর ২৮৮। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়ার ক্রাসনোয়ার্স্ক শহর, স্কোর ২৫৫ এবং তৃতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো শহর, স্কোর ২২৭।
তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর শহর (স্কোর ২১৮) ও করাচি শহর (স্কোর ২০৬)।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
এ ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
