নারিন্দায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজন দগ্ধ
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ | অনলাইন সংস্করণ

রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন মোক্তার বেপারী (৫৫), মোছা. সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা ভর্তি করেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, রাত ১টার দিকে ঢাকার নারিন্দা এলাকা থেকে আগুনে দগ্ধ হয়ে তিনজন হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে মো. মোক্তার বেপারীর শরীরের ২২ শতাংশ দগ্ধ, মোছা. সেলিনা আক্তারের ২০ শতাংশ এবং মো. সেলিমের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানান তিনি।
এর আগে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) চাঁদপুরের কচুয়া উপজেলায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে তিনজন দগ্ধ হন। তারা হলেন খাদিজা আক্তার (৩০), মাহমুদুল হাসান (৩৬) ও শিউলি আক্তার (৪০)। তাদেরও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এরও আগে, চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় একটি বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়। এতে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। আহত বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এছাড়া কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।
