মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ২২:৩৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে একটি গাড়ির গ্যারেজে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ৮ জন দগ্ধ হয়েছেন। ঘটনার পর তাদের মধ্যে ২ জনকে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প সংলগ্ন হুমায়ুন রোডের মনার গ্যারেজে গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, গ্যারেজ মালিক মো. মনা (৪০), কর্মচারী রেহান বাদল (২৩), তারেক রহমান (২৩), ইফরান (১৮), আজাদ (৫৫), মিরাজ (৩৬), আকাশ (২৫) ও জনি (৩৫)।

গ্যারেজ মালিক মনা জানান, দুপুরে মেরামতের জন্য একটি প্রাইভেটকার গ্যারেজে নিয়ে আসা হয়। পরে গাড়িটি গ্যারেজের ভেতর রেখে সেটির ইঞ্জিন ও গ্যাস লাইনের কাজ করা হচ্ছিল। ওই সময় গ্যারেজের ভেতরে সব কর্মচারীরা বেশ কয়েকটি গাড়িতে একসঙ্গে কাজ করছিল। তখনই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে সবাই দগ্ধ হই।

পরবর্তীতে ঘটনার পরপরই সবাইকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়। মেরামতের জন্য আনা প্রাইভেটকারটির গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলেও জানান গ্যারেজ মালিক মনা।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বিস্ফোরণে দগ্ধদের শরীরের সর্বোচ্চ ১ থেকে ২০ শতাংশ পুড়ে গেছে। এরমধ্যে ইফরানের শরীরের ১৬ শতাংশ ও তারেকের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দু’জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিদের চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

 

আবা/এসআর/২৫