ঢাকায় আকাশ মেঘলাসহ অনুভূত হতে পারে ভ্যাপসা গরম

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১১:০০ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

রাজধানী ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দিনের বেলায় কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

রোববার (৮ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিলো ৮১ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে। আগামীকাল (সোমবার) সূর্যোদয় হবে ভোর ৬টা ১৪ মিনিটে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।