রাজধানীতে বিদ্যুৎপৃষ্টে তিনজনের মৃত্যু

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ২২:৫৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলক্ষেত খাঁ পাড়া এলাকায় বৈদ্যুতিক কাজ চলাকালীন বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনজন মারা গেছেন। ওই সময় আরও দুজন আহত হন। তারা সবাই বিদ্যুৎ বিভাগের কর্মী।

রোববার (১৫ মার্চ) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার ওসি আব্দুল আলীম সমকালকে বলেন, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসির (ডেসকোর) একটি দল ঘটনাস্থলে কাজ করছিল। বিকেলে তারা খাঁ পাড়া মন্দিরের পাশে তারের একটি বড় রোল ক্রেন দিয়ে ওপরে তোলার চেষ্টা চালান। তখন পাশের একটি বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে লেগে রোলের তার বিদ্যুতায়িত হয়। এতে সেখানে থাকা পাঁচজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের মধ্যে দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং একজনকে আসিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা–নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অপর দুজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওসি জানান, মৃতদের মধ্যে রাজীব হোসেনের বাড়ি বরগুনা সদরের ফুলঝুড়িতে। তাঁর বাবার নাম মোনায়েম হোসেন। রাজ্জাক মিয়ার বাড়ি বরগুনা সদরের বাসুকি এলাকায়। তাঁর বাবার নাম চাঁন মিয়া। আর ফরিদ জামানের বাবার নাম আব্দুস ছালাম। তাঁর বাড়ি জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় এলাকায়।

 

আবা/এসআর/২৬