তুরাগে বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ২১:১৫ | অনলাইন সংস্করণ

রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় আব্দুর রহমান হাই স্কুলের পাশে একটি বস্তিতে লাগা আগুনকে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। পাঁচটি ইউনিটের তৎপরতায় প্রায় ৫০ মিনিটের চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সদরদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার তথ্য অনুযায়ী, বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রানাভোলার ওই বস্তিতে আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসে। নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে পাঁচটি ইউনিট পাঠানো হয়।
ফায়ার ফাইটারদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন বস্তির অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
