দূষিত শহরের শীর্ষে লাহোর, কিছুটা স্বস্তিতে ঢাকা

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১১:৪৭ | অনলাইন সংস্করণ

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছে ঢাকা। তবে সাম্প্রতিক কয়েক দিনের বৃষ্টিতে বায়ুমানে কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে।

বুধবার (৬ মে) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, ঢাকার বাতাসের মান ‘সতর্কতামূলক’ পর্যায়ে রয়েছে।

সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঢাকার বায়ুমান সূচক ছিল ১৪৮, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ১৯৩ স্কোর নিয়ে শীর্ষে ছিল লাহোর। ১৫৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল দিল্লি। তালিকার পরবর্তী অবস্থানগুলোতে ছিল করাচি, কুয়েত সিটি এবং চেংডু।

অপরদিকে, সবচেয়ে নির্মল বায়ুর শহর হিসেবে শীর্ষে ছিল মেদান, যার স্কোর ছিল শূন্য। এরপর রয়েছে সান ফ্রান্সিসকো, অকল্যান্ড, ডেনভার এবং মেলবোর্ন।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়, যেখানে শিশু, বয়স্ক ও অসুস্থদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১ থেকে ৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।