রাজধানীতে বসছে ২৮টি পশুর হাট, স্বচ্ছ টেন্ডারে কঠোর কর্তৃপক্ষ
প্রকাশ : ০৮ মে ২০২৬, ১৩:২৫ | অনলাইন সংস্করণ

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকায় এবার মোট ২৮টি কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে হাট নির্ধারণ ও ইজারা প্রক্রিয়া সম্পন্ন করেছে দুই সিটি করপোরেশন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় গাবতলীর স্থায়ী হাটসহ মোট ১৬টি স্থানে পশুর হাট বসবে। এর মধ্যে ১৫টি অস্থায়ী হাটের ইজারা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, হাট ইজারার পুরো প্রক্রিয়াই উন্মুক্তভাবে সম্পন্ন করা হচ্ছে। টেন্ডার প্রকাশের পর নির্ধারিত নিয়মে সবার সামনে খোলা হচ্ছে এবং অংশগ্রহণকারীরা সরাসরি প্রক্রিয়া দেখতে পারছেন।
তিনি আরও জানান, অংশগ্রহণ নিশ্চিত করতে তিন ধাপে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং নিয়ম মেনেই অর্থ জমা ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবার ১২টি অস্থায়ী পশুর হাট বসবে। ইজারা ও হাটের সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, পুরো প্রক্রিয়াই উন্মুক্তভাবে সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সময়ের আগে কোথাও হাট বসানো যাবে না। নির্ধারিত সীমানার বাইরে হাট বসালে ব্যবস্থা নেওয়া হবে।
উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ১৫টি অস্থায়ী হাটের মধ্যে ইতোমধ্যে ১০টির ইজারা সম্পন্ন হয়েছে। বাকি ৫টির জন্য দরপত্র সংগ্রহ করা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, যা আগামী সোমবার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
