রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ
প্রকাশ : ২২ মে ২০২৬, ১৭:৪৭ | অনলাইন সংস্করণ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যার বিচারের দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ জনতা। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর তারা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীরা ‘রামিসার হত্যার বিচার চাই’ এবং ‘ফাঁসি চাই’ স্লোগান দেন। তাদের কণ্ঠে শোনা যায়, “আমার বোন খুন হলো কেন?”, “অপরাধীদের ফাঁসি চাই” এবং “অপরাধীর আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”।
তাদের দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিক্ষোভকারীদের ভাষ্য, দীর্ঘ বিচারপ্রক্রিয়ার কারণেই দেশে এ ধরনের নৃশংস ঘটনা বারবার ঘটছে। তাই দ্রুত বিচার সম্পন্ন করে আসামিদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার আহ্বান জানান তারা।
এর আগেও বৃহস্পতিবার (২১ মে) রাতে একই দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়।
গত ১৯ মে সকালে মিরপুর-১১ নম্বরের বি ব্লকের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে জানা যায়, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ গোপন করার চেষ্টাও করা হয়েছিল। পরে ফ্ল্যাটের ভেতর থেকেই মরদেহের অংশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে পুরো এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।
