রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যুর অভিযোগ

প্রকাশ : ২৭ মে ২০২৬, ১১:৫৫ | অনলাইন সংস্করণ

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে থানা পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বুধবার (২৭ মে) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।

তিনি জানান, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে থেকে বিষয়টি তদন্ত করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মারা যাওয়া শিশুদের বয়স এক থেকে দুই দিনের মধ্যে। তারা সবাই হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল। 

প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয়। পরে সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এ সময় ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। একপর্যায়ে ছয় শিশুর মৃত্যু হয়।

তবে এসির লিকেজ, সাফোকেশন কিংবা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।