রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ২২:০৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে লোকমান হোসেন (৪৫) নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলারসহ একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই ব্যবসায়ীর হাত ও পায়ে তিনটি গুলি লেগেছে। তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টায় মতিঝিল শাপলা চত্বরে জনতা ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ওই ব্যক্তি মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি মতিঝিল শাপলা চত্বর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে তার সঙ্গে থাকা একটি ব্যাগ নিয়ে যায়। ওই ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে ওই ব্যবসায়ীকে পথচারীরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেছে।
তিনি আরও জানান, ওই ব্যবসায়ীর হাতের কনুইর নিচে একটি এবং হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ছয়জন দুষ্কৃতকারী তিনটি মোটরসাইকেলে এসে লোকমান নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়ে তার সঙ্গে থাকা একটি মুদ্রার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ কাজ করছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।
আবা/এসআর/২৬
