মগবাজারে লরির ধাক্কায় আহত আরও একজনের মৃত্যু
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৭:০২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রমনা থানার মগবাজার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী রিয়াদ হোসেনও (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় রিপন (৪০) নামে এক পথচারী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের বাড়িই নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকির পাড়া গ্রামে। নিহত জামান আহমেদ ওই গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে আর রিয়াদ হোসেন লিয়াকত ফকিরের ছেলে। আহত পথচারী রিপনের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গলতলী গ্রামে। বর্তমানে ঢাকার লালবাগের ইসলামাবাদ ঈদগাহ মাঠ সংলগ্ন বাসায় থাকতেন। তার বাবার নাম মোতালেব সরদার।
তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী হারুন অর রশিদ এবং আনোয়ার জানান, মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে দ্রুতগতির লরিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল সিএনজি ও পিকআপভ্যানসহ কয়েকটি গাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জামান, রিয়াদ ও পথচারী রিপন গুরুতর আহত হন।
পরে তাদের দ্রুত উদ্ধার করে রাত ১২টা ২০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জামান আহমেদকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত রিয়াদ হোসেনকে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া জানান, গ্র্যান্ড প্লাজার সামনে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেল ও সিএনজিকে চাপা দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়; তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আবা/এসআর/২৬
