শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৮:৪০ | অনলাইন সংস্করণ

রাজধানীর ডেমরা থানাধীন শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে সুলতানা কামাল ব্রিজের প্রায় ২০০ মিটার দক্ষিণে নদীতে মরদেহটি ভাসতে দেখা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজনের মাধ্যমে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহ ভাসার খবর পায় পুলিশ। সংবাদ পেয়ে ডেমরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ শহিদুল ইসলাম সঙ্গীয় এসআই জারফান মিয়া ও ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
উদ্ধার হওয়া মরদেহটি অজ্ঞাতপরিচয় এক পুরুষের। তার বয়স আনুমানিক ৩০ বছর বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পরে পুলিশ মরদেহটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ডেমরা নৌ পুলিশ ফাঁড়ি সূত্র জানিয়েছে, মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মরদেহ উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
