ডেমরায় দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২২:১৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরার নিঝুমবাগের একটি বাড়িতে বোমাসদৃশ দুটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ডিএমপির সিটিটিসি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা উপস্থিত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা বিকেল ৫টায় খবর পাই। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেই। তারা ঘটনাস্থলে এসে কার্যক্রম চালাচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট একজন আটক আছেন। এর বেশিকিছু আপাতত বলতে পারছি না। আমাদের ঘটনাস্থল থেকে অনেক দূরে রাখা হয়েছে।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, সারুলিয়ায় একটি বাড়ির সামনে কালো টেপ মোড়ানো বোমা সদৃশ্য বস্তু দুটি ঘিরে রয়েছে পুলিশ। সেখানে স্থানীয় মানুষজনও ভিড় করে রয়েছে।

রাত সাড়ে ৮টার দিকে বোমা ডিসপোজাল ইউনিটের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে আমাদের লোক সেখানে গেছে। পরিস্থিতি অনুযায়ী তারা কাজ করছেন। আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

 

আবা/এসআর/২৬