ডেমরায় বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় ২ যুবক গ্রেপ্তার

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৬:৫৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরার সারুলিয়ায় বোমা সদৃশ বস্তু দুটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ; যেগুলো নরসিংদী জেলা কারাগার থেকে পালানো জঙ্গি জুয়েল ভূঁইয়া ওরফে ওস্তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে ডেমরা থানার পশ্চিম বক্সনগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে বোমা সদৃশ বস্তুসহ তাকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

এই জুয়েল নব্য জেএমবির আলোচিত বোমার কারিগর নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুনের ঘনিষ্ঠ সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, ২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী কারাগারে দাঙ্গার পর পালিয়ে যাওয়া নয়জন জঙ্গির মধ্যে ছিলেন জুয়েল ভূঁইয়া। ছয়দিন পর ২৫ জুলাই তিনি আবার নরসিংদী জেলা পুলিশের হাতে ধরাও পড়েন।

পরে ৫ আগস্ট সরকার পতনের পর সেপ্টেম্বরের দিকে তিনি জামিনে বেরিয়ে আসেন।

সবশেষ রোববার (১৬ আগস্ট) বিকেলে বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার এবং পুলিশের ওপর হামলার তদন্তের সূত্র ধরে ডেমরার সারুলিয়া এলাকার পশ্চিম নিঝুমবাগ থেকে জুয়েলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দুটি বোমা উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

ডিএমপির ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহসিন মাসুদ জানান, বোমারু মামুনের সহযোগী হিসেবে সন্দেহভাজন জুয়েল ওই এলাকায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ও অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে দুটি হাতে তৈরি বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরেকজনকে আটক করা হয়েছে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তার ও আটক ওই ২ যুবককে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আবা/এসআর/২৬