সাভারে পুলিশের এসবি ব্রাঞ্চের এসআইকে পিটিয়ে হত্যা

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে আমিনবাজারের বড়দেশি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আলতাফ হোসেনের ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হন।

নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় থাকতেন।

স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায়  সড়কে  অবস্থানকালে অজ্ঞাত একজনের সঙ্গে এসআই আলতাফ হোসেনের তর্ক হয়।  পরে অজ্ঞাত ওই ব্যক্তি আরও ১০-১২ জন নিয়ে এসে আলতাফের ওপর হামলা চালায়। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, এক এসবি সদস্যকে আমিনবাজার এলাকায় পিটিয়ে হত্যা করেছে। আমরা ঘটনাস্থলে আছি, বিস্তারিত পরে জানাবো।

 

আবা/এসআর/২৬