ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুপক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ | অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের কর্মসূচিকে কেন্দ্র করে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ব্যাংকের পরিচালনা পর্ষদে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের নিয়োগ এবং ব্যাংক লুটের অভিযোগে আলোচিত এস আলমের হস্তক্ষেপের প্রতিবাদে ফোরামের বিক্ষোভ কর্মসূচিতে এ সংঘর্ষ হয়। এতে ফোরামের সহসভাপতি ও ব্যবসায়ী মোতাছিম বিল্লাহসহ অনেকে আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি ঘিরে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে গড়ায়। এ সময় তাদের ধাওয়া-পাল্টাধাওয়া করতেও দেখা যায়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
islami_bank-2গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিকের দাবি, কর্মসূচি শুরুর পর আগে থেকে অবস্থান নেওয়া অবৈধ নিয়োগে চাকরিচ্যুত সাবেক কর্মীরা ও এস আলমের অনুসারীরা গ্রাহক ও শেয়ারহোল্ডারদের ওপর হামলা চালান। এতে তাদের অন্তত ২৫ জন আহত হন। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
নুর নবী মানিকের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই গ্রাহক ফোরামের সদস্যদের টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হলেও পুলিশ কোনো ভূমিকা পালন করেনি। তিনি হামলার ছবি ও ভিডিও ফুটেজ সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
islami_bank-3এর প্রতিবাদে সোমবার বেলা সাড়ে ১১টায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
এ বিষয়ে চাকরিচ্যুত সাবেক কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য পাওয়া যায়নি।
