রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে দুইটি চলন্ত বাসে ও বাড্ডায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া যাত্রাবাড়ী এলাকায় ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পর এসব ঘটনা ঘটে।

এদিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বরে অভিজাত পরিবহন এবং প্রায় একই সময় পল্লবীর ১১ নম্বরে শিখড় পরিবহনের যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে। এ ছাড়া রাত ৮টার দিকে বাড্ডায় আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পৃথক এই তিন ঘটনাস্থল ও এর পাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ।

এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনার পর তল্লাশি ও টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দুই শতাধিক চেকপোস্ট বসিয়েছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সেখানে সন্দেহভাজন ব্যক্তি ও গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছিল। আর বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে এই বাসে আগুনের তথ্য ফায়ার সার্ভিসের কাছে নেই।

মিরপুর থানার ওসি হাফিজ বলেছেন, কে বা কারা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পোড়েনি। এ বিষয়ে আমরা কাজ করছি।

 

আবা/এসআর/২৬