মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১৯:১৮ | অনলাইন সংস্করণ

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।

বুধবার জনাব অনুপম দাস অনুপ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২২, বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকার হিরাঝিল হোটেলে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে রেস্টুরেন্টটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় দেখতে পাওয়া যায়। মেঝে নোংরা ও স্যাঁতসেঁতে ছিল। এছাড়া ঢাকনাবিহীন অবস্থায় ময়লার পাত্র দেখা যায়।

অভিযানকালে কোনো ধরনের লেবেলবিহীন ঘি সংরক্ষণ ও ব্যবহার করতে দেখা যায়। পাশাপাশি খাদ্যকর্মীদের কোনো ধরনের স্বাস্থ্য উপকরণ ব্যবহার করতে দেখা যায়নি।

এছাড়াও পানি পরীক্ষার সনদ ও পেস্ট কন্ট্রোলের প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।

এসব অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী হিরাঝিল হোটেলকে ৩,০০,০০০ টাকা (তিন লাখ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানকালে নিরাপদ খাদ্য অফিসার, ঢাকা মেট্রোপলিটন মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।