৫ টাকায় পূজার বাজারের সুযোগ দিচ্ছে ডিএসসিসি

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৬:৩৫ | অনলাইন সংস্করণ

রাজধানীতে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিতে মাত্র বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে ‘পাঁচ টাকায় পূজার বাজার’ কর্মসূচি উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর রমনা কালী মন্দিরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এ সময় তিনি বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে প্রশাসক বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াচ্ছে। এক টাকায় এক ডজন ডিম এবং পাঁচ টাকায় শাড়িসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার এ উদ্যোগ মানুষের আত্মমর্যাদা বজায় রেখে সহায়তা পাওয়ার এক ব্যতিক্রম সুযোগ তৈরি করেছে।

কর্মসূচিতে ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী, হিন্দু ধর্মাবলম্বী এবং নিম্ন আয়ের মানুষ উপকৃত হওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

আবদুস সালাম বলেন, ক্ষমতার চেয়ে মানুষের জীবনমানের পরিবর্তন এবং অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। দেশের চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জীবনযাত্রার উন্নয়নে সবাইকে সরকারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে হবে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় দায়িত্ব নিয়েছেন। দীর্ঘদিনের সংকট কাটিয়ে অর্থনীতি পুনর্গঠনে সময় প্রয়োজন। এর ওপর মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে দেশের অর্থনীতি আরও চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ অবস্থায় সবাইকে ধৈর্য, সহনশীলতা ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নিম্ন আয়ের ও মধ্যবিত্ত মানুষ। তাই দেশের অর্থনৈতিক ক্ষতি হয়, এমন কর্মসূচি এড়িয়ে সামাজিক ও রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাঁচ বছরের জন্য নির্বাচিত সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। পাঁচ বছর পর জনগণ ভোটের মাধ্যমে তাদের সিদ্ধান্ত জানাবেন।

ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। দরিদ্র মানুষ কিংবা ধর্মীয় সম্প্রদায় নিয়ে অহেতুক রাজনীতি না করে দেশের সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ১৭ বছরের দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত সাফল্য যেন কোনোভাবেই ব্যর্থ না হয়, সেই বিষয়ে সবাইকে সচেতন ও সংযমী থাকতে হবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবদুস সালাম বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৬৮টি মণ্ডপে মহাসমারোহে দুর্গাপূজা উদযাপন করা হবে। এই উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে ডিএসসিসির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদেরও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন ও উৎসবের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার শপথ নেবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।