মিরপুর-১০ ফুটপাত পুনরায় দখলমুক্ত করল ডিএনসিসি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ২২:০৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১০ এলাকায় পুনরায় অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলি।
অভিযানকালে ডিএনসিসি প্রশাসক বলেন, মিরপুরকে হকারমুক্ত ও ফুটপাত দখলমুক্ত রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
ডিএনসিসি সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর মিরপুর-১০ এলাকার ফুটপাতে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করা হয়। তবে এ উদ্যোগের পর গত কয়েক দিন ধরে কিছু ব্যক্তি মিরপুরের বিভিন্ন ফুটপাতে পুনরায় বসার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে বুধবার প্রশাসক নিজেই উপস্থিত থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এবং পুনরায় ফুটপাত দখলমুক্ত করেন।
এদিকে, উচ্ছেদ অভিযান চলাকালে ডিএনসিসি প্রশাসক মিরপুর-১০ ফুটওভারব্রিজের সংস্কারকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
