শিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২২, ১৬:১০ | অনলাইন সংস্করণ
পাবনা প্রতিনিধি

পাবনায় শিশু হত্যা মামলায় আসামি রাসেলকে যাবজ্জীবন কারাদন্ড ও ১১ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন বিজ্ঞ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ প্রদান করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি ঈশ্বরদী উপজেলার নতুন হাট এলাকায় জগলুশাহর শিশু রহিম (৭) কে মানিকনগর এলাকায় একটি লিচু বাগানে ঘাস কাটার কথা বলে ডেকে নিয়ে যায় একই উপজেলার রহিমপুর গ্রামের আসাদুল মেকারের ছেলে রাসেল (২০)। সেখানে রাসেল শিশুটিকে বলাতকারের পর কাচি দিয়ে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় নিহত রহিমের পিতা জগলুশাহ বাদী হয়ে ২৫ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে ঈশ্বরদী থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় আসামি রাসেলকে গ্রেফতারের পর সে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামি রাসেলকে যাবজ্জীবন কারাদন্ড ও ১১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেন।
মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি সালমা আক্তার শিলু, আসামী পক্ষে ছিলেন মকবুল আহমেদ বাবু।
