নান্দাইলে পদ্ম ফুলের সৌন্দর্যে মুখরিত বড়বড়িয়া বিল, বাড়ছে দর্শনার্থীদের ভীর
প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ১৫:৪৭ | অনলাইন সংস্করণ
নান্দাইল প্রতিনিধি

চারদিকে ছড়িয়ে আছে পদ্ম ফুল। মৃদু হাওয়াতে দুলছে ফুলগুলো। যেন সৌন্দর্যের পসরা সাজিয়ে রয়েছে বিলে। প্রতি বছরই বর্ষার শেষে বিলটিতে ফুটেতে শুরু করে সৌন্দর্য আর শুভ্রতার প্রতীক জলজ ফুলের রাণী পদ্ম ফুল। বার থেকে পনের ইঞ্চি গোল আকৃতির ঘাড় সবুজ পাতা আর গোলাপি রঙের ফুলে যেন বিছানা পেতে রয়েছে বিস্তীর্ণ বিল জুড়ে। প্রায় দুই যুগ ধরে এভাবেই ফুটছে ফুল গুলো।
প্রাকৃতিকভাবে তৈরি এমনই একটি পদ্মের বিল ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর থেকে অদুরে বড়বড়িয়া বিল। প্রতিদিনই বিলটিতে এই সৌন্দর্য উপভোগ করতে আসেন পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দর্শনার্থীরা। নান্দাইল পৌরসভার চারিআনিপাড়া ও ভাটি কান্দাপাড়া এলাকার মধ্যবর্তী এই বড়বড়িয়া বিল। নান্দাইল বাইপাস সড়ক থেকে বিলটির মধ্য দিয়ে ভাটি কান্দাপাড়া এলাকায় লাগোয়া একটি আঁকাবাকা কাঁচা সড়ক। বিকেল হলেই বিলের মধ্যে সড়কটি যেন পিকনিক স্পটে পরিনত হয়।
এছাড়াও বিলটির সৌন্দর্য ফুটিয়ে তুলেছে সাদা বক পাখি, পাতি বক, পানকৌড়ি সহ বিভিন্ন ধরনের পাখি। রাতের বেলায় ডাহুক পাখির ডাকে এক অন্যরকম আনন্দ উপভোগ করেন বিলপাড়ের বাসিন্দারা। বিলপাড়ের বাসিন্দারা সোহাগ মিয়া জানান, প্রায় সময়ই দলবেঁধে সাদা বকের মতো দেখতে অনেক বড়সড় এক ধরনের পাখি আসে বিলটিতে। বোরোধান রোপণ সময় পাখিটি বেশি আসে। সে সময় পদ্ম গাছসহ সবকিছু পরিষ্কার করে পেলেন কৃষকরা। বিলটিতে আষাঢ় মাস থেকে কার্তিক মাস পর্যন্ত থাকে পদ্ম ফুল।
ওই এলাকার অনেকেই জানান, এবার বিলটিতে তেমন পানি না থাকায় দর্শনার্থী ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন এলাকার শিশুরা বিলের পানিতে নেমে পদ্ম ফুল তুলেছেন। কেউ কেউ আবার শিশুদের টাকা দিয়ে ফুল তুলে নিচ্ছেন। এতে করে দিনে দিন কমে আসছে ফুলের সংখ্যা। সৌন্দর্য হারাচ্ছে বিলটির। তবুও দর্শনার্থীদের কমতি নেই। বিকেল হলেই এ যেন অন্যরকম আনন্দের স্থান। খোলা বিস্তীর্ণ এলাকা। প্রখর রোদের পর শীতল হাওয়ায় প্রাণ জোরানো মনোমুগ্ধকর পরিবেশে ঘুরতে আসেন বিভিন্ন শ্রেণির মানুষজন।
বিকেলে এই প্রতিবেদক বিলটিতে ছবি তুলতে গেলে বিলপাড়ের বাসিন্দা ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস ও তানজিলা বলেন, সকালে আসলে সুন্দর ছবি তুলতে পারতেন। রাতের বেলায় অনেক ফুল ফুটে। ফুটন্ত ফুল গুলো অনেকেই তুলে নিয়ে গেছে। প্রতিদিন অর্ধশতাধিক লোক আসে শুধু ফুল তুলতেই। এছাড়াও ছেলে মেয়েরা বিভিন্ন রকমের পোষাক পড়ে সাজগুজে এখানে এসে টিকটক করেন। ফুল ছিঁড়ে হাতে নিয়ে ছবি তুলেন। আমাদের খুব আনন্দ লাগে। কিন্তু ফুলগুলো তুলে না নিয়ে গেলে আরও বেশি আনন্দ উপভোগ করতে পারতাম।
দর্শনার্থী নান্দাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার বলেন, বিকেল হলেই কয়েকজন মিলে বিলটিতে ঘুরতে আসি। পদ্ম ফুলের গন্ধ আর শীতল হাওয়ায় একটু স্বস্তি পাই। বিদ্যুতের লোডশেডিং আর গরমে জনজীবন অতিষ্ট। বিলের রাস্তায় ঘুরতে আসা নুসরাত জাহান ও জাবের হোসেন দম্পতি বলেন, পরন্তু বিকেলে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে বিলটিতে এক নান্দনিক দৃশ্য ফুটে উঠেছে।
