
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ২২৮ বোতল ফেনসিডিলসহ ফরিদুল ইসলাম (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর একটি আভিযানিক দল। মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার সকালে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত ফরিদুল দক্ষিণ পারুলিয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
র্যাব জানায়, ১০ জুলাই আনুমানিক রাত ১টা ১৫ মিনিটে হাতীবান্ধা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় অভিযান চালায় র্যাব-১৩ এর একটি আভিযানিক দল। ওই এলাকাী ফরিদুলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তল্লাশি চালিয়ে ২২৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিল জব্দ করেন তারা। গ্রেপ্তারকৃত ওই আসামি বহুদিন যাবৎ লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ লালমনিরহাট এবং পাশের জেলাগুলোতে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।