পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেপ্তার ঈশ্বরদী ছাত্রলীগ নেতা

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৪:৫৬ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

বিদেশে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঈশ্বরদীর ছাত্রলীগের নেতা আবির হাসান শৈশবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। গ্রেপ্তার শৈশব নিষিদ্ধ ঘোষিত ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সভাপতি ছিলেন।

ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) এ বি এম মনিরুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার মামলার আসামি শৈশব। দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি বিদেশে পালানোর চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় ফাঁদ পাতা হয়। ইমিগ্রেশনে প্রবেশের সময়ই তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর রাতেই শৈশবকে ঈশ্বরদীতে নিয়ে আসা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট ঈশ্বরদী রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। ওই ঘটনায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন।