ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ৬ ঘণ্টা ধরে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১৮:৫৮ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে পৌরশহরের শেরশাহ রোডে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাড়ির মানুষদের অস্ত্রের মুখে প্রায় ৬ ঘণ্টা জিম্মি করে রেখে বাসায় লুটপাট চালায়।

শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শেরশাহ রোডের মশিউর রহমানের মজনুর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়াটিয়া আল্পনা খাতুনের (৪০) ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

এসময় আল্পনা খাতুন ও তার দুই ছেলে অনুপম আহমেদ গৌরব (২৩) ও অর্ক বিশ্বাসকে (১৫) অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায় ডাকাত দলের সদস্যরা।

আল্পনা খাতুন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে শুটার আলমগীর (৪৫) নামে এক পরিচিত ব্যক্তি পানি পান করার কথা বলে তিন সহযোগীকে সঙ্গে নিয়ে বাসায় প্রবেশ করে। এরপর দরজা আটকে দিয়ে বন্দুক ঠেকিয়ে পরিবারের তিন সদস্যকে জিম্মি করে ফেলে। এরপর আলমারি ভেঙে প্রায় পাঁচ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল লুট করে। লুটপাটের পর তিন সহযোগী চলে গেলেও আলমগীর বাসার মধ্যে রয়ে যায়। সুযোগ বুঝে ঘরের একটি কক্ষে আলমগীরকে আটকে রাখা হয়। এসময় আলমগীর ঘরের দরজা ভাঙার চেষ্টা করে। দরজা খুলে ছেলে গৌরব রড দিয়ে আলমগীরকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তার হাত থেকে ইতালির তৈরি পিস্তল নেওয়া হয়। অবস্থা বেগতিক দেখে চিৎকার শুরু করলে রান্না ঘরের গ্রিল ভেঙে আলমগীর পালিয়ে যায়।

খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ডাকাত দলের ফেলে যাওয়া নম্বরবিহীন ইয়ামাহা ভি-টু ১৬০ সিসি একটি মোটরসাইকেল উদ্ধার করে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। শুটার আলমগীর ও তার সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।”