শাসকরা রাষ্ট্রীয় শক্তিকে কব্জায় রেখেছিল: জোনায়েদ সাকি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১৯:৩৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, শাসকরা ক্ষমতায় থেকে পুরো রাষ্ট্রীয় শক্তিকে নিজের কব্জায় রেখেছিল। তারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী শাসক পালিয়ে গেলেও ব্যবস্থা বদলায়নি।
মঙ্গলবার সন্ধ্যায় নাগরিক ঐক্যের উদ্যোগে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তায় নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সংসদ নির্বাচনে যাকে ভোট দিবেন তিনি যদি আপনাদের কথা না বলে, তবে সেই সংসদ হবে লুটেরাদের আস্তানা। এজন্য ভোট দিতে অবশ্যই সচেতন হতে হবে। এই লুটপাটকে আরো গভীর করতে একটি স্বৈরাচারী সাংবিধানিক ক্ষমতার কাঠামোর মধ্য দিয়ে রাষ্ট্রকে ক্রমাগতভাবে ফ্যাসিবাদী ব্যবস্থায় পরিণত করা হয়েছিল। অথচ এদেশের লাখ লাখ মানুষ রক্ত দিয়ে এ দেশ গড়ে তুলেছিল। তারা একটি গণতান্ত্রিক দেশ ও গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিলেন। যেখানে প্রতিটি নাগরিকের সমতা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে। কিন্তু গত ৫৪ বছরেও এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেখিনি।
আসন্ন সংসদ নির্বাচনে গণতন্ত্র মঞ্চ জোট মনোনীত সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনের প্রার্থী ও নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ওই দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমূখ।
এ সময় ওই দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
