সিরাজগঞ্জে দিনব্যাপী রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে নবীনবরণ
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১৮:২৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওই কলেজের কৃতি শিক্ষার্থী, ঢাকা কলেজের উপাধ্যক্ষ (অব.) প্রফেসর জাহানারা বেগম।
তিনি বলেন, এ কলেজ থেকে আমি স্বপ্ন দেখতে শিখেছি। আজকের মেয়েরা শিক্ষায়, দক্ষতায় এবং মেধায় দেশের উন্নয়নে বড় অবদান রাখছে। তোমরাও দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি দেশের নারীদের উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার একটি আলোকিত দ্বার। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও মানবিকতা এই তিন গুণ ধারণ করেই তোমাদের এগিয়ে যেতে হবে।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান, প্রফেসর বদরুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমূখ। এ সময় অন্যান্য সহযোগী অধ্যক্ষ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, কলেজ জীবনের নতুন পথচলা এমন আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়ায় তারা বিশেষভাবে অনুপ্রাণিত। শিক্ষা ও সৃজনশীল চর্চার মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো, ইনশাআল্লাহ।
