সিরাজগঞ্জে পুলিশের বিশেষ মার্শাল আর্ট প্রশিক্ষণ
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯:২১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কোর্স ‘মার্শাল আর্ট’ শুরু হয়েছে। পুলিশের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে আত্মরক্ষার কৌশলে পারদর্শী হয়ে উঠবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার বিকেল থেকে নবাগত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর উদ্যোগে এ প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ লাইন্স ও এনায়েতপুর থানার কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ইতোমধ্যেই এ প্রশিক্ষণ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার ১৩টি থানায় কর্মরত পুলিশ সদস্যরা এ প্রশিক্ষণ গ্রহণ করবে।
এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সহকারী প্রশিক্ষক (তায়কন্ড) সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, মার্শাল আর্ট একটি পূর্ণাঙ্গ শারীরিক ব্যায়াম এবং শরীরের বিভিন্ন পেশি গোষ্ঠীকে শক্তিশালী করে। একই সঙ্গে ফিটনেস উন্নতসহ আত্মরক্ষার কৌশল শেখায়, যা নিজেকে এবং অন্যদের রক্ষা করতে সাহায্য করতে পারে। মার্শাল আর্ট অনুশীলনে শারীরিক স্বাস্থ্যকে উন্নত ও উচ্চ শক্তির ব্যায়াম জড়িত এবং আত্মরক্ষার কৌশল অর্জনের মাধ্যমে পুলিশ সদস্যদের সক্ষমতা ও নিরাপত্তা দুটোই বাড়বে। এতে পুলিশ বাহিনীর সামগ্রিক মানোন্নয়ন নিশ্চিত হবে।
পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, মার্শাল আর্ট আত্মরক্ষার একটি গুরুত্বপূর্ণ ও প্রযোজ্য কৌশল। পুলিশ সদস্য ও কর্মকর্তাদেরকে প্রতিকূল পরিস্থিতিতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণ শুধু আত্মরক্ষার কৌশল শেখানো নয়। তাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও পেশাগত আত্মবিশ্বাস বৃদ্ধির দিকেও মনোযোগী হয়ে উঠবে। পর্যায়ক্রমে জেলার সব পুলিশ সদস্য ও কর্মকর্তাদের এ প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
এদিকে এনায়েতপুর থানার ওসি আনোয়ার ইসলাম বলেন, পুলিশের এ বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনায়েতপুর থানা চত্বরে শুরু হয়েছে।
