নীলফামারীতে বেজার কাছে ১০৬ একর জমি হস্তান্তর

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ২০:২৬ | অনলাইন সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

ইকোনোমিক জোন (অর্থনৈতিক অঞ্চল) স্থাপনের জন্য ১০৬.০৬ একর জমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন।

সোমবার সকালে (৮ ডিসেম্বর) ঢেলাপীড়ে বেজা কর্তৃপক্ষের কাছে জমির কাগজপত্র বুঝিয়ে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মলি আক্তার, সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম এবং বেজার সহকারী পরিচালক মির্জা আবুজর শুভ।

জেলা প্রশাসন সূত্র জানায়, অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য ২০১৬ সালে ১০৬.০৬ একর জমির রেজিস্ট্রি সম্পন্ন হয়। যা সোমবার বেজার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলো। এখন থেকে এই জমিতে সব ধরনের কার্যক্রম সম্পন্ন করবে বেজা।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম বলেন, সংগলশী ইউনিয়নের কাদিখোল এলাকায় অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে। দ্রুত কার্যক্রম শুরু করবে কর্তৃপক্ষ।