সিরাজগঞ্জে অবৈধ টপসয়েল কাটায় ৪ জনের দণ্ড

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ২১:২১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে রাতের আঁধারে অবৈধভাবে মাটির উপরের স্তর (টপসয়েল) কাটার প্রতিরোধে অভিযান চালিয়ে ৪টি ড্রাম ট্রাকসহ ৪ জনকে আটক করা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে ওই উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে অবৈধভাবে টপসয়েল কর্তন করার অপরাধে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ইয়াকুব আলী সেখ (২১) ও সিহাব আলী সরকারকে (২২), ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং সুমন মোল্লা ও ইমরান হোসেনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলোকিত বাংলাদেশ জানান, রাতের আঁধারে টপসয়েল কাটার মাধ্যমে পরিবেশ ও কৃষিজমি ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানে পুলিশ, অন্যান্য কর্মকর্তা ও আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।