টঙ্গীবাড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৮ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’— এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। কর্মসূচিতে সহযোগিতা করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সাইফুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ নিগার সুলতানা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. স্বপন মাতুব্বর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম।
সভায় বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের অন্যতম প্রধান বাধা। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধে সচেতন হতে হবে এবং অন্যকেও সচেতন করতে হবে।
কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
