দামুড়হুদায় ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:৩১ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন হাউলী উত্তরের মাঠের ৩ নং গভীর নলকূপের পাশের ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে একদল দুর্বৃত্ত—এমন অভিযোগ উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।

অভিযোগ সূত্রে জানা যায়, হাউলী ইউনিয়নের পুরাতন হাউলী গ্রামের উত্তরের মাঠে গভীর রাতে কৃষি জমির মাটি কাটা হচ্ছে।

জানা যায়, রাত ১২টার পর ৭–৮টি ট্র্যাক্টর ভিড়িয়ে ভেকু মেশিন দিয়ে টপ সয়েল কেটে এলাকার বেশ কয়েকটি ইটভাটায় পাচার করা হচ্ছে। এতে আবাদযোগ্য জমির পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এলাকাবাসী জানায়, গত ৭ ডিসেম্বর গভীর রাতে একই কায়দায় একজনের জমির মাটি কেটে সেখানে পুকুর তৈরি করা হয়েছে। গতকাল রাতে মাটি কাটার কাজ বন্ধ থাকলেও আজ (মঙ্গলবার) দিনগত রাতেই আবারও একইভাবে মাটি কাটার সম্ভাবনার কথা জানিয়েছে স্থানীয়রা।

ফসলি জমি রক্ষায় এই অপকর্ম বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তারা দামুড়হুদা উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।