চুয়েটে তিনদিনব্যাপী আন্তর্জাতিক যন্ত্রকৌশল কনফারেন্স শুরু
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৪ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, আমাদের একসাথে কাজ করার এবং দেশ ও সমাজের কল্যাণে নতুন কিছু করার এক অসাধারণ সুযোগ এসেছে। এই কনফারেন্স থেকে প্রাপ্ত সমাধানসমূহ আমাদের বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক প্রযুক্তিগত উদ্ভাবনের মানচিত্রে আমাদের অবস্থানকে সুদৃঢ় করবে।
তিনি বলেন- আমি বিশ্বাস করি, এখানে যে জ্ঞান বিনিময় হচ্ছে তা সমাধানের সীমায় সীমাবদ্ধ থাকবে না বরং নীতিনির্ধারণ, প্রযুক্তি এবং আগামী প্রজন্মের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত “8th International Conference on Mechanical Engineering and Renewable Energy” শীর্ষক তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে গেস্ট অব অনার ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান এবং ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসাল্টেন্সি’র পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. বদিউস সালাম।
কনফারেন্স চেয়ার ও চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স সেক্রেটারি ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী।
এছাড়া বক্তব্য রাখেন জাপানের সাগা ইউনিভার্সিটির অধ্যাপক ড. আকিও মিয়ারা এবং নরওয়ের আগডার ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. তরে ভেহুস। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন চুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারী নুরুল্লাহ।
সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আহাদ বিন আজাদ ও ২১ ব্যাচের শিক্ষার্থী নাভিয়া হাসান নভেলী।
গেস্ট অব অনারের বক্তব্যে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেন, টেকসই ও প্রযুক্তিনির্ভর শিল্প অর্থনীতিতে রূপান্তরের জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। এজন্য গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। এ ধরণের আন্তর্জাতিক কনফারেন্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, তিনদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা ও উদ্ভাবনী ভাবনার বিস্তারে অংশ নিচ্ছেন ৭ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। তারা নবায়নযোগ্য জ্বালানি, উন্নত উৎপাদন প্রযুক্তি, রোবোটিক্স, বুদ্ধিমত্তাসম্পন্ন সিস্টেম এবং আধুনিক যন্ত্র প্রকৌশল নিয়ে আলোচনা ও গবেষণাপত্র উপস্থাপন করবেন। কনফারেন্সে ৬টি কী-নোট সেশন ও একটি ইনভাইটেড সেশনসহ মোট ২৪১টি গবেষণাপত্র উপস্থাপিত হবে।
এছাড়া পোস্টার প্রেজেন্টেশন, আইডিয়েশন চ্যালেঞ্জ, ডিজাইন কনটেস্ট ও রোবারেস প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।
শিল্প-একাডেমিয়া সমন্বয় জোরদার করতে দেশের ২০টি শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে বলে আয়োজক সূত্র জানিয়েছে।
