খুলনায় যুবককে গুলি করে হত্যা

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ | অনলাইন সংস্করণ

  খুলনা প্রতিনিধি

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাগর নামের এক যুবক খুন হয়েছেন। তিনি গ্রিন বাংলা হাউজিংয়ের বাসিন্দা ফায়েক শেখের ছেলে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে রূপসা সেতুর পূর্বপাড়ে জাবুসা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে সাগর বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে কয়েকজন তার গতিরোধ করে গুলি করতে থাকে। একটি গুলি তার মাথায় ও অপরটি হাঁটুতে লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গৌতম বলেন, গুলির শব্দ শুনে ওই এলাকার এক বাসিন্দা রাত ১০টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে ঘটনার বিস্তারিত জানান। পরে ৯৯৯ থেকে আবার আমাদের ফোন দিয়ে বিষয়টি জানানো হয়।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, কারা এবং কি কারণে এই হত্যাকান্ড  বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ অপরাধীদের ধরতে মাঠে আছে।

 

আবা/এসআর/২৫