হাজীগঞ্জে মতবিনিময় সভায় জেলা প্রশাসক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ২০:৪৮ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) হাজীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুরের হাজীগঞ্জে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় জাতীয় নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে কেউ ব্যালট পেপারে হাত দিলে তার হাত থাকবে না।’
জেলা প্রশাসক বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, কেন্দ্র দখল, ব্যালট পেপার নিয়ে কারসাজি বা ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা বরদাস্ত করা হবে না। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচনকালীন সময়ে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। সুশীল সমাজের প্রতিনিধিরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। রাজনৈতিক নেতারাও নির্বাচনে সহিংসতা ও অনিয়ম এড়াতে প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন।
জেলা প্রশাসক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। দায়িত্বে অবহেলা কিংবা পক্ষপাতমূলক আচরণ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সভায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার-সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
