মাদারীপুরে বিপুল পরিমাণ মাদকসহ ৩ কারবারি গ্রেপ্তার

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৪:৫৮ | অনলাইন সংস্করণ

  মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মাদারীপুর পৌরসভার চরমুগরীয়া চরখাগদি এলাকার তালুকদার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, মাদারীপুর পৌরসভার চরমুগরীয়া ৮ নম্বর ওয়ার্ডের মোঃ আকতার তালুকদার, একই পৌরসভার মো. সোহাগ খান ও মো. ইমন ব্যাপারী।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে অভিযান শুরু হয়ে দীর্ঘ তল্লাশি শেষে ভোর ৪টার দিকে অভিযান শেষ হয়। তল্লাশিকালে মাদক বেচাকেনার সুস্পষ্ট আলামত পাওয়া গেলে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৭০৪১টি ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, ৩ লাখ ২ হাজার ১৮০ টাকা, ১০টি মোবাইল ফোন, একটি চাইনিজ কুড়াল, একটি ডেবিট কার্ড এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানায়। মাদারীপুরে সেনাবাহিনীর এ ধরনের মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান।

পরবর্তীতে বিষয়টি পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করা হলে তারা গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান।