জুলাই বিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করবে জনগণ: গণপূর্ত উপদেষ্টা

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৮:১৬ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

১৪শ ছাত্র-তরুণের আত্মাহুতির কারণে বাংলাদেশ মুক্ত হয়েছে। জুলাই সনদ প্রণীত হয়েছে এবং জুলাই সনদ পাওয়ার জন্য গণভোট হচ্ছে। বাংলাদেশের জনগণ গণভোটকে জয়যুক্ত করবে। দুষ্কৃতকারীরা কিছু পরিস্থিতি তৈরি করতে পারে, তা বাংলাদেশের মানুষ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

বুধবার দুপুরে মুন্সীগঞ্জে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে গণভোটের বিষয়ে মতবিনিময় সভায় এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আদিলুর রহমান খান বলেন, মানুষ দুটি ভোট দেবে—একটি গণভোট, আরেকটি সংসদ নির্বাচনের ভোট। সাধারণ নির্বাচনে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে এবং গণভোটে জুলাই সনদের পক্ষে ভোট দেবে।

নির্বাচনে যারা নির্বাচিত হবে, তারা জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনা করবে—এটি আমাদের আকাঙ্ক্ষা। বাংলাদেশ নতুন দিনের দিকে এগিয়ে যাবে।

গণভোট নিয়ে গুজবের বিষয়ে তিনি বলেন, গুজব মোকাবেলার জায়গা হচ্ছে জনগণের ঐক্যবদ্ধ শক্তি। যে শক্তি জুলাই মাসে বাংলাদেশ দেখেছে। জুলাই বিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করবেই, কিন্তু বাংলাদেশের ঐক্যবদ্ধ ছাত্র-জনতা জুলাই অভ্যুত্থান বিরোধী শক্তিকে প্রতিহত করবে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি দেখছে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের বিষয়টি দেখছে।

এদিন দুপুরে উপদেষ্টা মুন্সীগঞ্জে নিহত তিন জুলাই শহীদের কবর জিয়ারত করেন, জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরে গণভোটের বিষয়ে মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলমসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।