হাই ভোল্টেজ ব্যাটারির শক দিয়ে যমুনায় মাছ শিকারের অভিযোগ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৯:০৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

শুষ্ক মৌসুমে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি কমেছে। এ সুযোগে যমুনার বিভিন্ন চ্যানেলে অসাধু জেলেরা অভিনব কৌশলে মাছ নিধন করছে। হাই ভোল্টেজ ব্যাটারির মাধ্যমে চ্যানেলের বিভিন্ন স্থানে পানির তলে বিদ্যুৎ শক ও খাদ্যের সঙ্গে ভারতীয় ওষুধ মিশিয়ে মাছ শিকার করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুষ্ক মৌসুমে যমুনা নদীর পানি কমে গেছে। এ সুযোগে যমুনার বিভিন্ন চ্যানেলে উল্লেখিত কৌশলে মাছ নিধন করছে জেলেরা।

বিশেষ করে সিরাজগঞ্জের চৌহালী, শাহজাদপুর, বেলকুচি, কাজিপুর ও সদর উপজেলার যমুনার বিভিন্ন চ্যানেলে এই অবৈধ পদ্ধতিতে মাছ শিকার চলছে দিনে ও রাতে।

স্থানীয়রা বলছে, তারা এমন পদ্ধতিতে নানা প্রজাতির মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছে। আবার অনেকেই শখের বসে একই পদ্ধতিতে মাছ শিকার করছে। জেলেরা ডিঙ্গি নৌকাযোগে গভীর চ্যানেলে অবস্থান করে এবং প্রথমে খাদ্যের সঙ্গে বিশেষ ওষুধ মিশিয়ে পানিতে ছিটানো হয়। এতে মাছগুলো পানির উপরে উঠে এলে হাই ভোল্টেজের বৈদ্যুতিক শক দিয়ে নানা প্রজাতির মাছগুলো মারা হয়। পরে বিশেষ ধরনের গোল ও ত্রিভুজাকৃতির জাল ব্যবহার করে এসব মাছ নৌকায় তোলা হয়।

এ মাছ বিক্রি করে অসৎ জেলেরা জীবিকা নির্বাহ করলেও যমুনায় এ মৌসুমে মাছ সংকটের আশংকা রয়েছে। দীর্ঘদিন ধরে যমুনায় এ অভিনব কৌশলে মাছ নিধন চললেও মৎস্য বিভাগ ব্যবস্থা নিচ্ছে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা মৎস্য বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, শুষ্ক মৌসুমে যমুনার বিভিন্ন চ্যানেলে অভিনব কৌশলে মাছ শিকার চলছে। এমন সংবাদের ওইসব চ্যানেলে যাওয়ার আগেই তারা সটকে পড়ে। তবে জনবল সংকটের কারণে তাদের বিরুদ্ধে যথাসময়ে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।