চাঁদপুরে ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১৫:২৬ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় আবু সাঈদ রাফিন (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে শহরের মুখার্জিঘাট চিকিৎসক অলিউর রহমানের বাড়ির সামনের সড়কের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

রাফিন শহরের নাজির পাড়া সুফিয়া মঞ্জিলের ভাড়াটিয়া বাসিন্দা মো. শাহিনের ছেলে এবং আল-আমিন একাডেমি স্কুল এণ্ড কলেজের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি জেলার ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহাপুর এলাকার মিরপুর।

এসব তথ্য নিশ্চিত করেন আল-আমিন একাডেমি স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাফিন বিদ্যালয় ছুটির পর বাসার উদ্দেশ্যে ওই সড়ক পার হয়ে যাচ্ছিল। ওই সময় কাজী নজরুল ইসলাম সড়কের দিকে যাওয়া পানির ট্যাংক বহনকারী ট্রাকটি ওই শিশু শিক্ষার্থীকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুর মাথা ফেটে গুরুতর আহত হয়। সেখান থেকে লোকজন সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেলে রেফার করে জরুরি বিভাগের চিকিৎসক। অ্যাম্বুলেন্সে কুমিল্লা নেয়ার পথে বিকাল সাড়ে ৩টার দিকে শাহরাস্তির ওয়ারুক নামক স্থানে রাফিনের মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহযোগীকে পাওয়া যায়নি। শিশুর মরদেহ সুরতহাল করা হয়েছে। আইনী ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।