সিরাজগঞ্জে বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১৮:৪৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল বৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম এ নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসনের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, জেলা প্রশাসক মহোদয়ের আদেশে বলা হয়েছে, আগামী ৩১ জানুয়ারির মধ্যে স্থানীয় বা কাছাকাছি থানা অথবা বৈধ ডিলারের কাছে লাইসেন্স করা অস্ত্র ও গোলাবারুদ জমা দিতে বলা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসব অস্ত্র জমা রাখতে হবে। লাইসেন্সধারী অস্ত্রের মালিকেরা ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের আগ্নেয়াস্ত্র বহন বা সঙ্গে নিয়ে চলাফেরা করতে পারবেন না। এজন্য বৈধ অস্ত্র মালিকদের এ নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশ লঙ্ঘন করলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বৈধ সংসদ সদস্য প্রার্থী ও তাদের সশস্ত্র রিটেইনারের ক্ষেত্রে এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তির ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।