ভাঙ্গায় বাসের সাথে সংঘর্ষে ট্রাক চালক ও সহকারী নিহত, আহত ২৫
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৪:৪০ | অনলাইন সংস্করণ

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায়, প্রাণিসম্পদ কার্যালয় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানিয়েছেন, ফরিদপুর থেকে ভাঙ্গামুখী ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ট্রাকের সহকারী নিহত হন এবং পরে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ট্রাকের চালক মারা যান।
গুরুতর আহত অন্তত ৮ থেকে ১০ জন যাত্রী বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আরও ১০ থেকে ১২ জন বাসযাত্রী প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
ওসি হেলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশের তদন্ত ও উদ্ধারকাজ চলছে এবং বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আকতার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ২৫–৩০ জন আহত যাত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ৮ জন গুরুতর আহত রোগীকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুরে স্থানান্তর করা হয়েছে।
