রংপুরে স্বরশৈলী’র ৪৫তম ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধন
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৫:৫০ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরে স্বরশৈলী আবৃত্তি, উপস্থাপন ও বিতর্ক চর্চা কেন্দ্রের ৪৫তম ব্যাচের ছয় মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রংপুর নলেজ কেয়ার একাডেমিতে অবস্থিত স্বরশৈলীর কার্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরশৈলীর পরিচালক, বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাহিত্যিক, গবেষক ও আবৃত্তিকার আনওয়ারুল ইসলাম রাজু, প্রফেসর মোতাহার হোসেন সুজন, বাচিক শিল্পী ও বেতার ব্যক্তিত্ব জোবায়েদ হোসেন পলাশ, সংগঠক নুরুল আমিন মিলন শেখ, আবৃত্তিকার ফরহাদ শাহ এবং বেতারের খবর পাঠক ও শিক্ষক আব্দুছ ছালাম প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন আবৃত্তি প্রশিক্ষক মো. মাজেদুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. জাহাঙ্গীর আলম। এ সময় আরও বক্তব্য রাখেন আবৃত্তিকার আইরিন ও মনীষা। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন গোলাপ, তানিশা ও আইরা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা সপ্তাহে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় স্বরশৈলীর সাবেক শিক্ষার্থী জয় লালাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভাপতি ও আলোচকবৃন্দ আবৃত্তি, উপস্থাপন ও বিতর্ক চর্চায় তরুণদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং শুদ্ধ ভাষা চর্চার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তি প্রশিক্ষক ও আবৃত্তিকার মেহেদি মাসুদ। ছয় মাসব্যাপী এই প্রশিক্ষণে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপন, বিতর্ক, ধ্বনিতত্ত্ব, ছন্দ ও রসসহ বিভিন্ন বিষয়ে শেখানো হবে।
